করোনা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কাঁকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে চলছে লকডাউন, বন্ধ সমস্ত কলকারখানা থেকে অফিস। এরই ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। পাশাপাশি গত দু’দিন আগে কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রামে করোনা পরীক্ষা করা হয়, পরীক্ষায় বেশ কিছু মানুষ করোনায় আক্রান্ত বলে ধরা পড়ে। সেই সমস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল শনিবার।
কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার জানিয়েছেন, এলাকায় ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা খেতমজুর পরিবারের সদস্য। একদিকে লকডাউন চলছে তার ওপর কাজ বন্ধ। তাই সেই সমস্ত পরিবারের হাতে ৩ কেজি করে চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম মুসুর ডাল, ৫০০ গ্রাম নুন, ২০০ গ্রাম সোয়াবিন, ৫০ গ্রাম হলুদের প্যাকেট, চা, একটি সাবান, ২০০ গ্রাম সরষের তেল, এক প্যাকেট বিস্কুট দেওয়া হয় সকলের হাতে। তাঁদের মধ্যে করোনা নিয়ে সচেতনতার প্রচার করা হয় এবং সচেতন থাকার বার্তা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পক্ষ থেকে।







