ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকোলা রেল গেটের সামনে। মৃত ব্যক্তির নাম বিরজু ভূঁইয়া (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল দশটা নাগাদ বাঁকোলা বালুডাঙার বাসিন্দা বিরজু ভূঁইয়া রেল গেটের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি কয়লা বোঝাই ডাম্পার তাঁকে ধাক্কা মারলো ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ক্ষিপ্ত জনতা ঘাতক ডাম্পারটি আটক করে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ। এরপর স্থানীয়রা বন্ধ করে দেন ইসিএলের কয়লা পরিবহণ। তাঁদের অভিযোগ উখরা স্টেট ব্যাঙ্ক থেকে কুমারডিহি যাওয়ার রাস্তার রেলগেট থেকে বালুরঘাট অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে রাস্তার এই বেহাল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা ঘটে প্রায়ই। বিষয়টি ইসিএল কর্তৃপক্ষের জানা থাকলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি ইসিএল। দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখরা ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দা বীরেন্দ্র কুমার জানান, এই বাঁকোলা রেল গেট সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে বারবার ইসিএলকে জানানো সত্বেও কর্ণপাত করেনি। যার ফলে একটা তরতাজা প্রাণ আজ চলে গেল। তিনি আরও জানান, ডাম্পারগুলি ইসিএলের কয়লা পরিবহণে ব্যবহৃত হচ্ছে সেগুলি বেশিরভাগই বহু পুরানো এবং ফিট নয়। ঘাতক ডাম্পারটির চালক ও খালাসি পলাতক।







