কুনুর নদীর ব্রিজের উপর একটি কনেযাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারলে এক ব্যাক্তি মৃত ও ৪৫ জন আহত হন। বুধবার রাত্রি ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। আহতদের দুর্গাপুর ও পানাগড়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আউশগ্রামের মারো গ্রাম থেকে বীরভূমের ইলামবাজার যাচ্ছিল একটি কনেযাত্রী বোঝাই বাস। দ্রুত গতির বাসটি কাঁকসার কুনুর নদীর ব্রিজের উপর দিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারলে কনে যাত্রী বোঝাই বাসটির সমস্ত যাত্রী কম-বেশি আহত হন। শিশু ও মহিলা সহ কুড়ি জনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে দাসু বাউরি নামে এক কনে যাত্রী হাসপাতালে আসার পর অবস্থার অবনতি হলে মারা যায় বলে জানা গেছে। খবর পেয়ে দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী হাসপাতালে ছুটে যান আহতদের চিকিৎসার তদারকি করতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহতদের অনুমান চালক বেসামাল হয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। বাসের চালক পলাতক। এক শিশু ও সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।




Like Us On Facebook