.
১৯৩৪ সালে অন্ডালে স্থানীয় এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিটিশ শাসকরা অন্ডাল থানার গোড়াপত্তন করে। একই জায়গায় ৮৬ বছর থানার কাজকর্ম চলার পর বৃহস্পতিবার সেই অন্ডাল থানার নতুন ভবনের উদ্বোধন হল কাজোড়ায়। কাজোড়ার দুই নম্বর জাতীয় সড়কের পাশেই থানার নতুন ভবনটি তৈরি করা হয়েছে। জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে এই ভবনের নির্মাণ কাজ হয়। এই ভবনের বৃহস্পতিবার উদ্বোধন করেন ডিজিপি এবং আইজিপি বীরেন্দ্র। এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ কুমার জৈন, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও মন্ত্রী মলয় ঘটক। ডিজিপি বীরেন্দ্র জানান, পুলিশ বর্তমান পরিস্থিতিতে খুব ভাল কাজ করেছে আর এখানে নতুন ভবন তৈরি হওয়ায় আরও ভাল ভাবে মানুষকে পরিষেবা দিতে পারবে, এছাড়াও বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলে তিনি জানান।








