চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্গাপুরের কাঁকসার শিবতলা এলাকার এক বাসিন্দাকে প্রতারিতরা বাড়িতে আটকে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিলেন। মঙ্গলবার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত ব্যক্তির নাম কাজল দত্ত। কাজল দত্তের বিরুদ্ধে প্রতারিত যুবকদের অভিযোগ, পেশায় ঠিকাদার কাজল দত্ত নদিয়া, কৃষ্ণনগর, কাটোয়া সহ বিভিন্ন এলাকার বেকার যুবকদের চাকরি পাইয়ে দিতে কারও কাছে ছয় লাখ টাকা আবার কারও কাছে দশ লাখ টাকা নিয়ে চাকরি দিতে পারে নি। উল্টে বেকার যুবকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আত্মগোপন করে ছিলেন আড়ার শিবতলা এলাকায় নিজের বাড়িতে।
কাঁকসার শিবতলা এলাকায় কাজল দত্ত আত্মগোপন করে আছে বলে খবর পেয়ে প্রতারিতরা মঙ্গলবার সাতসকালে এসে কাজল দত্তকে তাঁরা ধরে ফেলেন। জানা গেছে, কাজল দত্তের আসল বাড়ি বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে। বেশকিছু দিন আগে কাজল দত্ত কাঁকসার আড়া শিব মন্দিরের সামনে জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। স্থানীয় মানুষ মনে করতেন কাজল দত্ত কলকাতায় ঠিকাদারি করেন। মঙ্গলবার সকালে হঠাৎ করে কাজল দত্তের বাড়ির সামনে প্রতারিত যুবকরা জড়ো হয়ে টাকা ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় কাজল দত্ত বাড়িতেই ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে প্রতারিত যুবকরা অভিযুক্ত কাজল দত্তের কাছে টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হন। কাজল দত্তকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এনে পুলিশের হাতে তুলে দেন এদিন। জানা গেছে, পুলিশ বাড়ি থেকে উদ্ধার করে অভিযুক্ত কাজল দত্তকে মলানদিঘি ফাঁড়িতে নিয়ে যায়।






