ভাতারের এরুয়ারে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই সাইকেল আরোহীর। ঘটনায় আহত হয়েছেন দু’জন। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে বলগনা-গুসকরা রোডে বেতর পুলে। মৃতদের নাম রাকেশ রায় (২৪) ও নিমাই রায় (৫৫)। বাড়ি এরুয়ার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি দশ চাকা ট্রাক গুসকরার দিকে যাচ্ছিল। এরুয়ার গ্রাম থেকে সাইকেলে নিমাই রায়, রাকেশ রায় ও নিমাইবাবুর স্ত্রী মন্দিরাদেবী কাজে যাচ্ছিলেন। বেতর পুলের উপর দিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা ট্রাকটি হঠাৎ পুলের দেওয়ালে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীদের পিষে দেয়। এরপর পাশের জমিতে উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনার পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মন্দিরাদেবীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ট্রাক চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ট্রাকের খালাসিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।

Like Us On Facebook