১৪ দিনের লড়াই শেষে করোনাকে জয় করে বাড়ি ফিরে এল ২ বছরের শিশু। পূর্ব বর্ধমানের ভাতাড় থানার কালিপাহাড়ি গ্রামের ঘটনা। ২ বছরের শিশুর এই করোনা জয়ের খবরে বুধবার সকালেই তার বাড়ি গিয়ে শিশুকে উপহার দিয়ে এল ব্লক প্রশাসন।
জানা গেছে, সম্প্রতি ওই শিশুটি আমেদাবাদ থেকে বাবা-মার সঙ্গে বাড়ি ফেরে। এরপরই তার শরীরে করোনা ধরা পড়ে। শিশুটিকে পাঠানো হয় কলকাতায়। আর সেখান থেকেই ১৪ দিন করোনার সঙ্গে লড়াই করার পর সুস্থ হয়ে মঙ্গলবার রাতে বাড়ি ফেরে শিশুটি। আর এই খবর পেয়েই এদিন সকালে শিশুর বাড়ি পৌঁছে যান ভাতাড়ের বিডিও শুভ্র চট্টোপাধ্যায়, ভাতাড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জী ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী। শিশুটির হাতে তুলে দেওয়া হয় চকোলেট এবং কিছু খেলনা। যা পেয়ে এদিন বেজায় খুশী শিশুটি।







