প্রতি বছরের মতো এবারও ছট পুজো উপলক্ষে অন্ডালের মধুজোর কোলিয়ারি এলাকার বিহারী সম্প্রদায়ের অনেক মানুষজন ছট পুজায় অংশ নিতে তাঁদের আবাসনে তালা দিয়ে দেশের বাড়ি গিয়েছেন। কিন্তু বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘটে গেল পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিং ও দিলীপ সিং জানান, ভোর চারটে নাগাদ পাশের বাড়ি থেকে আওয়াজ পেয়ে প্রথমে তাঁরা ভাবেন নিশ্চয় পাশের বাড়ির পড়শি ছট পুজো সেরে ফিরে এসেছেন। কিন্তু সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁদের প্রতিবেশিদের ডাকাডাকি করতেই পালাতে থাকে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তি। তাঁদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাঁদের ধাওয়া করতেই চোরের দল স্থানীয় এক বাসিন্দাকে রডের আঘাত করে পালিয়ে জঙ্গলে গা ঢাকা দেয়। এরপর স্থানীয়রা দেখেন পরপর তিনটি বাড়ির তালা ভেঙে চোরের দল বাড়িতে ঢুকে মূল্যবান সবকিছু নিয়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে। কারণ বাড়ির সব কিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে।

পুলিশকে খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। যেহেতু চুরি হওয়া বাড়ির মালিকরা এখানে নেই তাই ঠিক কিকি জিনিস চুরি গেছে সেটা জানা যায় নি। এভাবে বন্ধ বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। চুরির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Like Us On Facebook