অন্ডালে ইসিএলের সিএল জামবাদ কোলিয়ারির বালি বাঙ্কারে বালি নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে একটি বালি বোঝাই লরি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যায় লরির চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, বালি বাঙ্কারের কাছাকাছি এলাকায় একটি বালি বোঝাই লরি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে লরির সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গেলে বালি বোঝাই লরিটি উল্টে যায় রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালকের। লরির চালকের নাম মদনমোহন মন্ডল। পাণ্ডবেশ্বরের রামনগরের বাসিন্দা বলে জানা গেছে। মদনমোহনের আকস্মিক মৃত্যুর খবর রামনগরে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে রামনগরে।
খবর পেয়ে অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষকে বেহাল রাস্তা নিয়ে বারবার বলা সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকার রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে। বৃহস্পতিবার লরি চালকের মর্মান্তিক মৃত্যু তার বড় প্রমাণ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।







