জীবিতকে পরিবারকে মৃত দেখিয়ে রেশন কার্ড বাতিলের অভিযোগকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় অন্ডালে। ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের মদনপুর পঞ্চায়েতের বাসকা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা অতীত ঘোষের পরিবারে তিনটি রেশন কার্ড রয়েছে। একটি তাঁর, অন্যটি তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ ও অপরটি তাঁর ৮ বছরের ছেলে আভাস ঘোষের নামে। এই কার্ডগুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকার রেশন ডিলারের কাছ থেকে তাঁরা খাদ্যসামগ্রী পেতেন। কিন্তু গত সপ্তাহে রেশন ডিলার তাঁদের জানিয়ে দেন এই কার্ডে আর রেশন পাওয়া যাবে না। কার্ডগুলো বাতিল হয়ে গেছে। কেন বাতিল হল সে বিষয়ে স্থানীয় রেশন ডিলারের কাছে কোন সদুত্তর না পাওয়ায় অতীতবাবু গতকাল কার্ডগুলি নিয়ে অন্ডাল ব্লকের খাদ্য দফতরের অফিসে যান। অফিসে কর্মরত এক আধিকারিকের কাছে তিনি জানতে চান, এই কার্ডগুলিতে কেন রেশন দ্রব্য পাওয়া যাবে না? কম্পিউটারের তথ্য দেখে ওই আধিকারিক অতীতবাবুকে জানান যাঁদের নামে কার্ডগুলি রয়েছে তাঁরা মারা যাওয়ায় তাঁদের কার্ড বাতিল করা হয়েছে।
বিষয়টি জানার পর অতীতবাবু জানান, আমি, আমার স্ত্রী ও ছেলে সবাই জীবিত, কিন্তু অফিসের কম্পিউটার তথ্যে আমাদের মৃত দেখানো হচ্ছে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে ওই আধিকারিক সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেন নি। এই বিষয়ে অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋত্বিক হাজরা জানান, কিভাবে এই ঘটনা ঘটেছে তার তদন্ত হবে এবং যদি কেউ দোষী প্রমাণিত হয় তাঁর আইনগত ভাবে শাস্তি হবে। অন্যদিকে, এই বিষয়টি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিপিআইএম নেতা তুফান মন্ডল বলেন, ‘এটি গুরুতর অপরাধ, এর পিছনে চক্রান্ত আছে। শুধু অতীতবাবু বা তাঁর পরিবার নয়, এলাকার আরও অনেক মানুষকে এইভাবে রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে।’ গোটা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও এই ঘটনায় যে বা যারা জড়িত তাঁদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।







