চোর সন্দেহে এক কিশোরকে বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক ব্যবসায়ী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। পুলিশ গুরুতর জখম কিশোরকে উদ্ধার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড সংলগ্ন হকার্স মার্কেট এলাকায়। জানা গেছে, আহত কিশোর বর্ধমান স্টেশন চত্ত্বরে থাকে। রাস্তায় কাগজ কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে।
জানা গেছে, আহত কিশোর সহ আর এক কিশোর বুধবার দুপুরে হকার্স মার্কেটে একটি ইলেকট্রিকের দোকানের সামনে পড়ে থাকা প্ল্যাস্টিক কুড়ানোর সময় দোকানের মালিক জিনিসপত্র চুরি করার অভিযোগে একজনকে ধরেন, অন্য কিশোর পালিয়ে যায়। অভিযোগ, দোকানের সামনে থাকা একটি পাইপে বেঁধে ওই কিশোরকে বেধড়ক মারধর করা হয়, এমনকি লোহার রড দিয়েও মারধর করা হয়। লোকজন জড়ো হয়ে গেলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই রাস্তায় পড়ে কাতরাতে থাকে ওই কিশোর। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একইসঙ্গে এই ঘটনায় পুলিশ তদন্তও শুরু করেছে। প্রাথমিকভাবে দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অন্যদিকে, ওই কিশোরকে মারধর করার ঘটনা স্বীকার করেছেন দোকান মালিক আশীষ চক্রবর্তী। তবে তিনি লোহার রড দিয়ে মারার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, হাল্কা চড় থাপ্পর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। যদিও এই ঘটনার পরই দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।






