কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রবিবার প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয় আসানসোলে৷ বহু মানুষ এই মিছিলে পা মেলান। মিছিলের নেতৃত্ব দেন অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় জিনিষের দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি, পিএনবি জালিয়াতি, অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরণ, বার্ন স্ট্যাণ্ডার্ড বন্ধ করা সহ বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।
মিছিল শেষে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক তাঁর ভাষণে বলেন, বিজেপি মিথ্যাচার ও পুঁজিপতিদের দল৷ প্রধাণমন্ত্রী দেশের জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ বেকারদের চাকরীর বদলে শিল্পাঞ্চলে হিন্দুস্থান কেবলস থেকে শুরু করে কুড়িটি কোলিয়ারি সহ বার্ন স্ট্যাণ্ডার্ডকে বন্ধের নোটিশ পাঠাচ্ছে৷ সাধারণ কৃষকদের ঋণ মকুব না করে ব্যাঙ্ক লুঠেরাদের সহযোগিতা করছে৷ তাই আগামী নির্বাচনে বিজেপিকে একটিও ভোট নয়৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন৷








