করোনা উদ্ভুত পরিস্থিতির জেরে বিশেষ করে যে সমস্ত মানুষ যাঁরা দিনমজুর বা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন সেই দুঃস্থ ও চলতি সময়ে সমস্যায় পড়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ২ কেজি চাল, আড়াই কেজি আলু এবং ৫০০ গ্রাম করে ডাল পৌঁছে দেওয়া হল বর্ধমান থানার উদ্যোগে। মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এই খাদ্য দ্রব্য তুলে দেন বর্ধমান থানার অফিসারেরা। আইসি পিন্টু সাহা জানিয়েছেন, এই কর্মসূচি আগামী দিনগুলোতেও চলবে।
আশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা স্পীডের উদ্যোগে যে সমস্ত মানুষ খাবার পাচ্ছেন না মঙ্গলবার বর্ধমান স্টেশন যাওয়ার পথে রাস্তার দু’ধারে বসিয়ে তাঁদের ভাত, ডাল, আলুর তরকারি এবং ডিম খাওয়ানো হয়। সংস্থার পক্ষে তাপস মাকর জানিয়েছেন, লকডাউন ঘোষণার পর থেকেই তাঁদের সংস্থা অসহায় মানুষদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা শুরু করেছে। প্রতিদিনই প্রায় কয়েকশো মানুষকে শহরের বিভিন্ন প্রান্তে খাওয়ানোর বন্দোবস্ত করা হচ্ছে। এই প্রক্রিয়া লকডাউন চলাকালীন জারি রাখা হবে।







