অবশেষে খোঁজ মিলল নদিয়ার কৃষ্ণনগরে ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসার অর্ণব রায়ের। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন থেকে সিআইডি তাঁকে উদ্ধার করে। মোবাইল ফোন ট্র্যাক করে ও অন্যান্য সূত্র মারফৎ অর্ণব রায়ের সন্ধান মেলে বলে জানা গেছে। অন্যদিকে অর্ণবের এই উদ্ধারের খবর আসার পরেই স্বস্তির হাওয়া আসানসোলে তাঁর বাড়িতে।
বর্তমানে আসানসোলের বাড়িতে রয়েছেন অর্ণবের বাবা হারাধন রায়। অর্ণববাবুর ফিরে আসার খবর পেয়ে সংবাদ মাধ্যম এদিন ভিড় করেছিল আসানসোলের ডলি লজ সংলগ্ন একটি বহুতলে অর্ণবদের ফ্ল্যাটের সামনে। অর্ণববাবুর বাবা হারাধন রায় বলেন, ‘ছেলে ফিরে আসার খবর টিভি মারফৎ জানতে পেরে ছেলেকে ফোন করি। অর্ণব জানায় সে ভালো আছে।’ গত ১৮ এপ্রিল কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে ভোটের কাজ তদারকিতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরে ইভিএম ও ভিভিপ্যাটের দায়িত্বে থাকা সরকারি আধিকারিক অর্ণব রায়। প্রায় ৭ দিন পর অর্ণবের খোঁজ মেলায় স্বস্তির হাওয়া এখন আসানসোলের বাড়িতে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?







