রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে গ্যাস কাটার দিয়ে ভল্ট ভেঙে টাকা লুঠ করল দুষ্কৃতিরা। এমনকি এটিএম মেশিনে অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। কত টাকা খোয়া গেছে তা এখনও জানা না গেলেও কয়েক লক্ষ টাকা এটিএমে ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্ধমান থানার আকড়বাগান মোড় এলাকার ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪ টা নাগাদ স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। তখনও এটিএম মেশিনে আগুন জ্বলছিল। এরপরেই পুলিশ দমকলকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি কোন পেশাদার গ্যাংয়ের কাজ। লুঠের আগে সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয়। এমনকি ভিতরের সিসি ক্যামেরায় বিশেষ ধরণের স্প্রে জেল লাগিয়ে দেওয়া হয়। এরপর গ্যাস কাটারের সাহায্যে এটিএমের ভল্ট ভেঙে কয়েক লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দেয়। এটিএমে অগ্নিসংযোগের ঘটনা কিভাবে ঘটল তা পুলিশ খতিয়ে দেখছে।রবিবার সকালেই ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জনবহুল এলাকায় এইভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বছর দেড়েক আগেও এই এটিএমে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তাই এলাকার নিরাপত্তার স্বার্থে তাঁরা পুলিশি টহলের দাবি জানিয়েছেন।






