মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার এক মাসের মধ্যেই শস্যগোলা পূর্ব বর্ধমানে শুরু হল কৃষক বন্ধু কর্মসূচির রূপায়ণ। সোমবার জেলার গলসি ২ নম্বর ব্লকের সাটিনন্দী গ্রামে প্রথম প্রকল্পের কাজ শুরু হল। এদিন বেলগ্রাম ও সাটিনন্দী দুটি মৌজার কৃষকদের হাতে কৃষক বন্ধুর ফর্ম তুলে দেওয়া হয়। এদিন প্রায় এক হাজার কৃষক ফর্ম সংগ্রহ করেন।
ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সাটিনন্দী গ্রামে সোমবার শিবির করা হয় ফর্ম বিলি করার জন্য। পাশাপাশি সোমবারই পূরণ করা ফর্ম জমা নেওয়া হয়।নিশ্চিত আয় এই প্রকল্পে একজন কৃষক বছরে দুই থেকে পাঁচ হাজার টাকা পাবেন। ব্লক কৃষি আধিকারিক সরোজ ঘোষ বলেন, কৃষকদের সমস্ত তথ্য অ্যাপসের মাধ্যমে ডেটাবেসে স্টোর করা হচ্ছে। যাদের নাম নথিভুক্ত হল না তাদের জন্য আবার শিবির করা হবে। এই ভাবে এলাকার সব কৃষককেই কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আনা হবে। প্রকল্পে নাম নথিভুক্ত হওয়ায় কৃষকরাও খুশী। তাঁরা জানান, এতে তারা খুবই উপকৃত হবেন।






