মঙ্গলবার রাত্রে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চেহারা দেখতে এলেন রাজ্য স্বাস্থ্য সচিব অনিল ভার্মার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ এই প্রতিনিধি দল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগীয় প্রধান তথা সচিব পর্যায়ের আধিকারিকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি প্রথম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধান, হাসপাতাল সুপার সহ জেলাশাসক এবং হাসপাতাল সংশ্লিষ্ট পূর্ত ও অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিকাঠামো ও পরিস্থিতি সম্পর্কে তাঁরা বিস্তারিত জানতে চান। কোথায় কি কি অসুবিধা রয়েছে এবং কি কি বিষয় আশু করা প্রয়োজন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রায় এক ঘণ্টা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তাঁরা যান ইএনটি, চক্ষু এবং ব্ল্যাড ব্যাংকেও।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি রাতের হাসপাতালে এই সমস্ত বিভাগে কতজন ডাক্তার ও নার্স ডিউটিতে আছেন তা জানতে চান। এই সময়ই এই সমস্ত দপ্তরে প্রয়োজনের তুলনায় ডাক্তার ও নার্স কম থাকায় তাঁরা অসন্তোষ প্রকাশ করেন। ব্ল্যাড ব্যাংক পরিদর্শন করে ফেরার পথে হাসপাতালের মূল ফটক পার হতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েন তাঁরা। ফটকে কোনো নিরাপত্তারক্ষী না থাকায় হাসপাতাল সুপারের কাছে এবিষয়ে জানতে চান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিধিদলকে জানান, নৈশ প্রহরী হিসাবে ২১জন রয়েছেন। প্রতিনিধিদলটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৪মিনিট সময় বরাদ্দ করে এর মধ্যেই ২১জনকে হাজির করতে বলেন। কিন্তু কার্যত মাত্র ৪জন নিরাপত্তারক্ষী এসে হাজির হন। তাঁদের নির্দিষ্ট নিরাপত্তারক্ষীর পোশাক বা ব্যাচ কিছুই ছিল না। এরপরই প্রতিনিধিদলটি জানতে চান সম্প্রতি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে চাঙ্গা করতে ২৪০জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। কিন্তু কার্যত তাঁদের দেখতে পাওয়া গেল না। গোটা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবারও নির্দেশ দেন।

হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, প্রতিনিধিদলটি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন। প্রশাসনিক বৈঠকও করেছেন। তবে তাঁরা কি কি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। যা বলার প্রতিনিধিদলই বলবেন। জানা গেছে, রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল পরিদর্শন করে প্রতিনিধিদলটি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব পর্যায়ের প্রতিনিধিদল হাসপাতালের পরিকাঠামো কি কি বাড়ানো যায় বা কি কি করা দরকার সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

Like Us On Facebook