পানাগড় সেনা ছাউনিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে রবিবার অবসরপ্রাপ্ত সেনাকর্মী, যুদ্ধে আহত হয়ে প্রতিবন্ধী সেনা জওয়ান এবং যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সদস্যদের বিশেষ ভাবে সম্মানিত করলেন সেনা ছাউনির আধিকারিকরা। এদিন অবসরপ্রাপ্ত ও যুদ্ধক্ষেত্রে আহত হয়ে প্রতিবন্ধী সেনা জওয়ানদের নিয়ে পানাগড় সেনা ছাউনিতে একটি র্যালির আয়োজন করা হয়। জানা গেছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রায় ৩০০০ অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা এই র্যালিতে অংশ নেন।
এদিন পানাগড় সেনা ছাউনির আধিকারিকরা শহিদ সেনাদের বিশেষ সম্মান জানান। একই সঙ্গে অবসরপ্রাপ্ত এবং যুদ্ধে আহত হয়ে প্রতিবন্ধী সেনাদেরও সম্মান জানানো হয় এদিন। পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শহিদ সেনা পরিবারের সদস্য সহ অবসরপ্রাপ্ত ও প্রতিবন্ধী সেনাদের হাতে। পানাগড় সেনা ছাউনির এক সেনা আধিকারিক বলেন, অবসরপ্রাপ্ত ও শহিদ সেনা পরিবারের সদস্যদের সেনার তরফ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পানাগড় সেনা ছাউনির পক্ষ থেকে।










