ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি ওসিপি সংলগ্ন ইসিএলের কোয়ার্টার জবরদখল হটাতে সিআইএসএফ ও ইসিএল কর্তৃপক্ষের অভিযান ঘিরে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল মঙ্গলবার। ইসিএল আধিকারিকদর ঘিরে এলাকাবাসী তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে ইসিএল আধিকারিকদের দিকে তেড়ে এলে বেগতিক বুঝে পালাতে বাধ্য হয় উচ্ছেদকারী দল।

অভিযোগ, কোন লিখিত নোটিশ ছাড়াই হঠাৎ এই বর্ষার সময়ে উচ্ছেদ অভিযানে নেমেছে ইসিএল কর্তৃপক্ষ। বাসিন্দা পূজা বাউরির দাবি, এই বর্ষায় নোটিস না দিয়ে তাঁদের উচ্ছেদ করলে তাঁরা কোথায় যাবেন? তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করে তাঁদের উচ্ছেদ করুক ইসিএল।’ এলাকাবাসীর দাবি, ইসিএল কর্তৃপক্ষ না মানলে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা। কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতা উত্তম মণ্ডল বলেন, ‘ইসিএল বেআইনিভাবে হঠাৎ কোনো নোটিশ ছাড়াই এলাকাবাসীকে উচ্ছেদ করতে চাইছে এটা আমরা মানব না। ইসিএল এখানকার গরীব মানুষদের পুনর্বাসন দিক, তারপর উচ্ছেদ করুক। আমরা এলাকাবাসীর পাশে আছি।’

Like Us On Facebook