জাতীয় সড়কে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রাক্তন পুলিশ কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার সাতগ্রাম ফটকের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ প্রাক্তন পুলিশ কনস্টেবল শিশির কুমার কর (৬১) বাইকে করে জামুড়িয়ার লালবাংলো থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন। পথে সাতগ্রাম ফটকের কাছে ইসিএলের একটি ডাম্পার রাস্তা ক্রশ করছিল সেই সময় ডাম্পারের গায়ে তাঁর বাইকের হ্যান্ডেল লেগে গেলে তিনি বেসামাল হয়ে ডাম্পারের নীচে পড়ে যান। ঘটনাস্থলেই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। ডাম্পারের চালক ডাম্পরটিকে ফেলে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায় এবং ডাম্পারটিতে ভাঙচুর চালায়। ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ডাম্পারটিকে আটক করে জামুড়িয়া থানায় নিয়ে আসে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ডাম্পার চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Like Us On Facebook






