শুক্রবার দুপুরে বর্ধমান শহরের বিসি রোডে প্রকাশ্য দিবালোকে সোনা বন্ধকী সংস্থার অফিসে ডাকাতি করে জনবহুল রাস্তায় গুলি চালিয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। এদিকে, এই ঘটনার পর খোদ বর্ধমান শহরের ব্যবসায়ী মহলে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে। কারণ শুক্রবার যেভাবে দিনের বেলায় ডাকাত দল বিসি রোডের বেসরকারি গোল্ড লোন সংস্থায় ঢুকে কেজি কেজি সোনা নিয়ে চম্পট দিল এবং রীতিমত হিন্দি সিনেমার কায়দায় বাধা দিতে যাওয়া এক টোটো চালকে গুলিবিদ্ধ করল তা নিয়ে রীতিমত আতঙ্কিত এখন বর্ধমান শহরের বাসিন্দারা।
এদিকে, শুক্রবার সোনা নিয়ে চম্পট দেওয়ার কিছুক্ষণ পরেই পুলিশের কাছে খবর আসে ডাকাত দল খন্ডঘোষের বাদুলিয়ায় একটি পুকুরে ওই সোনা ফেলে দিয়ে গেছে। জিপিএস ট্রাকারের মাধ্যমে খবর পাওয়ার পরই শুক্রবার রাতে পুলিশ অভিযান চালায় ওই পুকুরে। কিন্তু রাতে কিছু পাওয়া যায়নি। এরপর শনিবার সকাল থেকেই ফের অভিযান চালানো হয়। পুকুরের পানা পরিষ্কার করে, সমস্ত জল বের করে তন্ন তন্ন করে খোঁজা হয়। কিন্তু কিছু মাছ ছাড়া আর কিছুই মেলেনি। এদিকে, এব্যাপারে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনার পিছনে আন্তরাজ্য কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডাকাত দলটিকে ধরতে অন্য রাজ্যকেও জানানো হয়েছে। অপরদিকে, এই ঘটনার তদন্তে শনিবার ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা ওই সংস্থায় আসেন। তাঁরা কিছু নমুনাও সংগ্রহ করেন।এছাড়াও আসেন সিআইডি অ্যান্টি রবারি টিম।







