অবশেষে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় প্রার্থী রণোজিৎ মুখার্জী শনিবার দুর্গাপুরর সিটি সেন্টারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করলেন। শনিবার রণোজিৎ মুখার্জী সিটি সেন্টারের সৃজনী পেক্ষাগৃহ সংলগ্ন এলাকায় প্রচার মিছিল করে পথচলতি মানুষকে নিজের পরিচয় দিয়ে প্রচার শুরু করেন। রাস্তার ধারে বিভিন্ন দোকানে সটান ঢুকে পড়ে দোকানদার ও ক্রেতা থেকে বিভিন্ন যানবাহনে সওয়ার মানুষজনকে আসন্ন লোকসভা নির্বাচনে হাত চিহ্নে ভোটদানের আবেদন করেন এদিন।
এদিন রণোজিৎ মুখার্জী দুর্গাপুরে প্রচার পর্ব শুরু করার আগে সিটি সেন্টারের মাঙ্গলিক ম্যারেজ হলে একটি সাংবাদিক বৈঠক করেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে বিজয়ী হলে তিনি এলাকার কৃষির সমস্যা থেকে শিল্পনগরীর বন্ধ কলকারখানা ও বেকার সমস্যার সমাধানে পার্লামেন্টে ইতিবাচক ভূমিকা নেবেন বলে দাবি করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। রণোজিৎবাবু এদিন বলেন, ‘ভারতীয় জনতা পার্টি বা জোটদল গুলি নয়, দেশের কৃষক-শ্রমিক-বেকারদের নিশ্চিত ভবিষ্যতের পথ দেখাতে পারে কেবলমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস।
আগামী কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে মিটিং মিছিল বাড়ি বাড়ি ঘুরে প্রচার করে ভোটের প্রচারে যে কোন খামতি রাখবেন না শনিবার দলীয় সহকর্মীদের সঙ্গে বৈঠকে তা স্পষ্ট করে দেন। রাহুল গান্ধীকে নিয়ে এসে দুর্গাপুরে সভা করার সম্ভবনার কথাও তিনি জানান।







