বিজেপি ক্ষমতায় আসার একদিনের মধ্যেই অনুব্রতকে জেলে ভরা হবে। বুধবার তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে মহামিছিল এবং প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ সমস্ত বক্তারাই কার্যত এভাবেই উত্তেজক বক্তব্য রেখে গেলেন।

এদিন বর্ধমান জেলা বিজেপি কমিটির পক্ষ থেকে শহরের উত্তরফটক থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান সায়ন্তন বসু সহ বিজেপি নেতা জয় ব্যানার্জী, জেলা সভাপতি সন্দীপ নন্দী, যুব মোর্চার জেলা সভাপতি শ্যামল রায় প্রমুখ। এদিন সভা শুরু থেকেই রীতিমত উত্তেজক বক্তব্য রাখতে শুরু করেন বক্তারা। শ্যামল রায় এদিন প্রকাশ্যেই কর্মী-সমর্থকদের বলেন, আপনারা মার খেয়ে জেলা নেতাদের ফোন করবেন না। বরং তৃণমূলীদের মেরে খবর দেবেন। বিজেপির জেলা নেতারা আপনাদের পাশে আছে। জয় ব্যানার্জী এদিনও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন। তিনি বলেন, অনুব্রত মণ্ডলরা সন্ত্রাস করলে বিজেপিও সন্ত্রাসের জন্য তৈরী। বিজেপির শক্তি, বুদ্ধি আর সাহসকে বাধ্য করবেন না খারাপ কাজে ব্যবহার করতে। অপরদিকে, এদিন সায়ন্তন বসু বলেন, বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। কিন্তু তাদের কর্মী সমর্থকরা অত্যাচারিত হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে চললে বিজেপি থানা দখল নেবে।

Like Us On Facebook