গলসির জুজুটি এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বের হওয়া মন্দির পর্যবেক্ষণে করলেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক প্রতাপ কুমার নায়েকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার তাঁরা মন্দির ও মন্দিরের আশপাশের এলাকাটি ঘুরে দেখেন। পাশাপাশি তাঁরা কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাঁদের অনুমান মন্দিরগুলি ৩০০ থেকে ৩৫০ বছরের পুরানো। সম্ববত মুঘল আমলেই নির্মিত হয় মন্দির দুটি। তবে এব্যাপারে বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজন আছে বলেও তাঁরা জানান। আপাতত মাটি খোঁড়ার কাজ বন্ধ রেখে ওই এলাকাটিকে পুলিশ প্রহরায় ঘিরে রাখা হয়েছে। মন্দির দুটির সময়কাল সম্পর্কে নিশ্চিত হতে সেখানে খননকার্য চালানোরও ভাবনা চিন্তা করছে পুরাতত্ত্ব বিভাগ।
উল্লেখ্য, মঙ্গলবার বিনোদন পার্ক তৈরির জন্য একশো দিনের কাজে মাটি খোঁড়ার সময় মাটির তলা থেকে বেরিয়ে পড়ে আস্ত দুটি প্রাচীন মন্দির। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের জুজুটি নদী বাঁধের কাছে মাটির নিচে চাপা পড়ে থাকা এই মন্দির দুটির চূড়া মাটি খোঁড়ার সময় দেখতে পায় শ্রমিকরা। এই এলাকায় প্রতি বছর বহু মানুষ পিকনিক করতে আসেন। তাই এই জায়গাটিকে ভ্রমণের উপযুক্ত করে তোলার জন্য গত ৮ নভেম্বর থেকে ভুঁড়ি পঞ্চায়েতের অধীনে জুজুটি গ্রামের শশ্মান ঘাট সংলগ্ন এলাকায় একটি বিনোদন পার্ক তৈরি করার কাজ শুরু করা হয়।






