হিন্দু ধর্ম হল নিজ ধর্ম পালনের সঙ্গে সঙ্গে অপরের ধর্মকে সম্মান করা। বৃহস্পতিবার বাংলার মানুষের সংস্কৃতি তুলে ধরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অন্ডালের হরিপুরে রাম-সীতা মন্দিরের উদ্ধোধন করতে এসে একথা বলেন। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মন্দির তৈরি করতে মুসলিম ভাই বোনেরা যেমন টাকা, পয়সা ও শ্রম দেয় তেমনই উল্টো দিকে মসজিদ গড়তে হিন্দু ভাইরাও টাকা, পয়সা ও শ্রম দেয়। এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।
বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি ভুলে মানুষে মানুষে ভেদাভেদ করতে বিভেদ সৃষ্টি করছে। অরূপ বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে কটাক্ষ করে বলেন জানিনা মোদীজী কোন মন্দিরে মাথা ঠেকান। নিজের উদাহরণ পেশ করে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন ১০ বছর বয়স থেকে দুর্গাপুজা করছি আমি, যেখানে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই। সারা ভারতের বিভিন্ন এলাকায় লোক সেই পুজো দেখতে আসে। অরূপ বাবু অভিযোগ তুলে বলেন বিজেপি রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি ভুলে মানুষে মানুষে ভেদাভেদ করছে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের হরিপুরে মন্দির উদ্ধোধন করতে আসার সংবাদে প্রচুর জনসমাগম হয়।






