পাণ্ডবেশ্বরের নব নির্মিত টুমনি ব্রিজে এক্সপানশন জয়েন্টে ফাটলকে ঘিরে আতঙ্ক ছড়ায় পথচলতি মানুষ ও গাড়িচালকদের মধ্যে। পাণ্ডবেশ্বরের উপর দিয়ে গেছে ৬০ নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়ক দিয়েই পাণ্ডবেশ্বর থেকে আসানসোল যাওয়ার মাঝে টুমনি ব্রিজে একটা এক্সপানশন জয়েন্টের ফাটল ধীরে ধীরে বাড়তে থাকায় যান চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, সদ্য নির্মিত এই ব্রিজে এক্সপানশন জয়েন্টে এত তাড়াতাড়ি কিভাবে ফাটল বাড়তে থাকল তাই নিয়ে উঠছে প্রশ্ন। অথচ এই ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে ইসিএলের পরিবহণের ভারী ভারী গাড়ি ছাড়াও প্রত্যেকদিন হাজারো গাড়ি যাতায়াত করে। গাড়ি চালকদের দাবি, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দিনদিন এই ফাটল বাড়তে থাকবে এবং পরে বড় বিপদ ঘটতে পারে।
এদিকে, খবর পেয়েই ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। যদিও তাঁরা জাতীয় সড়কের ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি। কারণ এটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেখার বিষয়। এ ব্যাপারে পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক সমাদ্দার জানান, যে বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং খুব শীঘ্রই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্রিজের মেরামতি করা হবে।







