কেন্দ্রীয় প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক সবজি বিক্রেতার এটিএম পিন নম্বর হাতিয়ে টাকা আত্মসাৎ করল প্রতারণা চক্র। ঘটনাটি ঘটেছে বুদবুদ এলাকায়। প্রতারণার শিকার হয়েছেন গৌরাঙ্গ পাল নামে এক সবজি বিক্রেতা। গৌরাঙ্গবাবু একটি কাপড়ের দোকানে কাজ করতেন। লকডাউনে কাজ বন্ধ থাকায় এখন সবজি বিক্রি করে সংসার চালান। ভবিষ্যতের কথা ভেবে কষ্টার্জিত টাকা সঞ্চয় করে রাখেন ব্যাঙ্কে।
বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ তাঁর ফোনে অজ্ঞাত পরিচয় নম্বর থেকে ফোন আসে। কেন্দ্রীয় প্রকল্পে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে বলে তাঁর কাছে ব্যাঙ্কের এটিএম পিন নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় বলে অভিযোগ গৌরাঙ্গবাবুর। তিনি জানিয়েছেন, এরপর কো-অপারেটিভ ব্যাঙ্কের বুদবুদ শাখায় থাকা তাঁর অ্যাকাউন্টের সমস্ত টাকা পাঁচ দফায় তুলে নেওয়া হয়। জানা গেছে, পাঁচ দফায় মোট ৩০ হাজার ৫৯৮ টাকা তুলে নেয় প্রতারকরা। এরপর বুদবুদ থানায় একটি অভিযোগ দায়ের করেন গৌরাঙ্গ পাল। থানায় অভিযোগ কপি নিয়ে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বুদবুদ শাখায় জানান। সব হারিয়ে সবজি বিক্রেতা গোরাঙ্গবাবু বলেন, ‘আমি একটি কাপড়ের দোকানে কাজ করতাম। লকডাউনে কোনরকমে সবজি বিক্রি করে সংসার চালাচ্ছি। কিন্তু গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে বলে প্রলোভন দেখিয়ে আমার এটিএম পিন নম্বর নিয়ে সব টাকা আত্মসাৎ করে প্রতারণা চক্র। আমার সমস্ত পরিশ্রম বিফলে গেল। আমার টাকা ফিরে পেতে আমি এখন পুলিশ ও ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছি।






