চলন্ত বাসের ছাদ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত পরিচয় বাস যাত্রীর মৃতু হল দুই নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাশে। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, এদিন দুপুরে নবদ্বীপ থেকে বাঁকুড়া গামী একটি যাত্রী বোঝাই বাস পানাগড় থেকে দুর্গাপুরের দিকে আসছিল। পানাগড় বাইপাশের সার্ভিস রোডে একটি স্পীড ব্রেকার পার হওয়ার সময় অসাবধানতাবশত বাসের ছাদ থেকে এক যাত্রী পড়ে যান। ওই যাত্রী পড়ে গেলে তিনি বাসের চাকায় পিষ্ট হন। এই ঘটনার পর বাসটি দ্রুত গতিতে দুর্গাপুরের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার স্থানীয় মানুষ বাসের ছাদে যাত্রী ওঠা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। বাসটিকে আটক করার দাবি জানান স্থানীয় মানুষজন। বাসের ছাদে যাত্রী ওঠার উপর প্রশাসনিক নজরদারি জোরদার করার দাবি তোলেন। পুলিশ ঘাতক বাসটিকে ধরার জন্য জোর তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।







