তুষ নিয়ে গলসি থেকে কালনা যাওয়ার পথে ট্রাকের চাকা খারাপ হয়ে যাওয়ায় তা ঠিক করার সময় ডাম্পারের ধাক্কায় মারা গেলেন ট্রাকের খালাসি ও আরও একজন। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ডাম্পারের চালক। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ গলসি থেকে তুষ বোঝাই করে একটি ট্রাক কালনা যাচ্ছিল। গলসি থানার কাছে চৌমাথা মোড়ে ট্রাকের পিছনের চাকায় গোলমাল ধরা পড়ে। গাড়ি থেকে নেমে ট্রাকের খালাসি সেখ আজিজুর (২৯) এবং সহকারি ইসমাইল আনসারি (৩৫) ট্রাকের চাকা ঠিক করছিলেন। ট্রাকের চালক সেখ রূপচাঁদ তাদের পিছন থেকে আলো দেখাচ্ছিলেন। এই সময় দুর্গাপুর থেকে বর্ধমানমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারলে ট্রাকটি উল্টে যায়। আজিজুর ও ইসমাইল চাপা পড়েন ট্রাকে নীচে। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ডাম্পার চালক সহ ওই দুজনকে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। ডাম্পারের চালক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে।

Like Us On Facebook