ফের ডাউন দুন এক্সপ্রেস থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার করলো জিআরপি। রবিবার সকাল ১০টা নাগাদ হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে মেমারি স্টেশনে কর্তব্যরত রেল পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মোট ১৮ টি ব্যাগে প্রায় ১৫০ টিরও বেশী কচ্ছপ উদ্ধার করে। পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৪ জন মহিলাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বর্ধমান জিআরপি সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০ টা নাগাদ হরিদ্বার থেকে হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেস হঠাৎই মেমারি স্টেশনের ৩ নং প্লাটফর্মে দাঁড়িয়ে যায়। সেই সময় প্লাটফর্মে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ রায়, গোবিন্দ ঘোষ ও সুদীপ পাল। ট্রেন থেকে নেমে একটি বস্তা নিয়ে ঘোরাঘুরি করার সময় এক ব্যক্তিকে দেখে তাঁদের সন্দেহ হয়। সিভিকে ভলান্টিয়াররা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বস্তা চেক করতেই বুঝতে পারেন সে কচ্ছপ নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জিআরপি থানাকে খবর দিয়ে ট্রেনের জেনারেল ও স্লিপার কামরা থেকে আরও চারজন মহিলা ও তাদের সঙ্গে থাকা ১৮টি ব্যাগ আটক করে পুলিশ। পরে তাদের বর্ধমান স্টেশনে নিয়ে আসা হয়। গ্রেফতার করা হয় তাদের। ধৃত সকলেরই বাড়ি নদীয়া জেলার চাকদা থানার মাজদিয়া এলাকায়। ধৃতদের আজ বর্ধমান কোর্টে তোলা হয়েছে।







