ফের চুরি বর্ধমান শহরে। গত কয়েক মাসে বর্ধমান শহরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটছে। কখনও গৃহস্থের বাড়িতে তো কখনও মন্দিরে। বাদ যাচ্ছে না প্রাক্তন পুলিশ অফিসার থেকে কর্মরত পুলিশ কর্মীও।

শুক্রবার রাতে এক পুলিশ কর্মীর বাড়ির দরজার তালা ভেঙে ৮ ভরি সোনার গহনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ১১ নম্বর ওয়ার্ডের হ্যাচারী রোডের ক্ষুদিরাম পল্লীতে। পুলিশ কনস্টেবল কল্যাণ কোনারের বাড়িতে কেউ ছিল না। তাঁর বাড়ির নীচের তলায় ভাড়াটিয়া থাকে। প্রথমে উপরে ওঠার সিড়ির দরজার তালা ভেঙে পরে উপরের ঘরের দরজা ও আলমারীর তালা ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। কল্যাণ কোনার বর্তমানে পূর্ব বর্ধমানের রায়না থানায় কর্মরত। বর্ধমান থানার পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook