পালস পোলিও, কুষ্ঠ, যক্ষ্মা, ফাইলেরিয়া প্রভৃতি রোগ দূরীকরণে যেভাবে টীকাকরণের ওপর জোড় দেওয়া হয়েছিল এবং এই কর্মসূচীকে একটা আন্দোলনের রূপ দেওয়া হয়েছিল। সেইভাবেই এবার আগামী জুলাই মাস থেকে শুরু হচ্ছে গোটা পূর্ব বর্ধমান জেলা ব্যাপী রুবেলা রোগ দূরীকরণে বিশেষ অভিযান। গোটা দেশের ৬টি রাজ্যে একইসঙ্গে এই কর্মসূচী শুরু হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মূলত, ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সীদের সকলকেই এই রুবেলার টিকা প্রদানের কর্মসূচী নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই রুবেলা রোগে সাধারণত গোটা গায়ে লাল বিন্দু বিন্দু দেখা যায়। তা আকারে ছোট এবং বড়ও হতে পারে। এর মেয়াদ থাকে ৩দিন। সঙ্গে উপসর্গ হিসাবে থাকে জ্বর, গলায় ব্যাথাও। অনেকসময় এগুলিকে আঞ্চলিক ভাষায় মাসিপিসি, হামমিলমিলে বলেও অভিহিত করা হয়। চিকিৎসকদের মতে, এই রোগ জটিল আকার ধারণ করলে নার্ভের সমস্যা, চোখের দৃষ্টির সমস্যা এবং প্রসূতি মায়ের অকাল গর্ভপাতের মত ঘটনাও ঘটতে পারে। আর তাই দেশ থেকে এই রোগ নির্মূল করতে এবার জোরদারভাবে নামতে চলেছে স্বাস্থ্য দপ্তর।






