অস্ত্রোপচার করে চার বছরের শিশুর পেট থেকে বের করা হল ২০৩টি কুলের আঁটি সহ কিছু চুল, সুতো ও নাটবল্টু। এই বিরল অস্ত্রোপচার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অস্ত্রোপচারের পর শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে হুগলির শ্যামবাজারের বাসিন্দা পেশায় ক্ষেতমজুর অজয় রুইদাসের ছেলে চার বছরের জীবন রুইদাসের অসহ্য পেটে যন্ত্রনা শুরু হয়। প্রাথমিকভাবে আরামবাগে ডাক্তার দেখানো হলে সেই চিকিৎসকের পরামর্শে ১৪ আগস্ট জীবনকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে। এক্স-রে এবং সিটি স্ক্যান করে বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা শিশুটির পেটে কিছু ‘ফরেন বডি’র উপস্থিতি লক্ষ্য করেন। এরপর বর্ধমান হাসপাতালের চিকিৎসক ডা. নরেন মুখার্জী ও ডা. মধুসূদন চ্যাটার্জী শনিবার শিশুটির পেটে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার করে শিশুটির পেট থেকে বের করা হয় ২০৩টি কুলের আঁটি, কিছু চুল, সুতো ও নাটবল্টু। অস্ত্রোপচারের পর শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।







