বর্ধমান-হাওড়া মেন লাইনে লোকাল ট্রেনে অত্যাধুনিক রেকের ব্যবহার শুরু হয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) নির্মিত এই রেকের কামরাগুলি মেট্রো রেলের কামরার আদলে তৈরি করা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই রেকগুলিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ছুটতে সমর্থ রেকগুলিতে অত্যাধুনিক ব্রেক ছাড়াও একাধিক সুবিধা রয়েছে।
ম্যাজেন্টা হোয়াইট রঙের এই রেকগুলিতে আছে স্লাইডিং ডোর, কামরার ভিতর বেশিরভাগ স্টেনলেস স্টিলের সামগ্রী ব্যবহার করা হয়েছে। জিপিএস প্রযুক্তির ব্যবহার করে অডিও সিস্টেম ও ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডের মধ্যমে কোচের ভিতর যাত্রীদের বিভিন্ন তথ্য সরবরাহের ব্যবস্থা আছে। সুরক্ষা বার্তা ছাড়াও অডিও সিস্টেম এবং ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডে ট্রেনটি কোন স্টেশন ছাড়ল বা পরবর্তী স্টেশনের নাম যাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে। চালকের কামরার পরেই থাকছে লেডিজ কামরা। তারপরের বগি ভেন্ডার ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য সংরক্ষিত। মহিলা যাত্রীদের সুরক্ষায় সামনে-পিছনে দু’টি মহিলা কামরাতেই থাকছে সিসিটিভি। অত্যাধুনিক, ঝাঁ চকচকে এবং যাত্রী স্বাচ্ছন্দে নতুন বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত এই ট্রেন পেয়ে যাত্রীরাও খুশি।









