শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের দিন ‘বর্ধমান ফুডিজ ক্লাব’-এর উদ্যোগে বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ঋতুকালীন সমস্যায় স্যানিটারি ন্যাপকিন জরুরি। স্কুলে দীর্ঘসময় থাকায় যাতে সমস্যায় না পড়তে হয়, ছাত্রীরা যাতে সহজে ন্যাপকিন পেতে পারে সে জন্য এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন খুবই উপযোগী। প্রয়োজনের সময় মাত্র ৫ টাকার বিনিময়ে ছাত্রীরা এই মেশিন থেকে পেয়ে যাবে স্যানিটারি ন্যাপকিন।
জরুরি প্রয়োজনে হাতের কাছে স্যানিটারি ন্যাপকিন না থাকায় অনেক সময় স্কুলের মধ্যে ছাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়। সেই সমস্যার সমাধান করতে এগিয়ে এল বর্ধমান ফুডিজ ক্লাব। শুক্রবার ক্লাবের সদস্যরা মিউনিসিপ্যাল গার্লস স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ক্লাবের সদস্যরা স্কুলের শিক্ষিকা ও ছাত্রীদের মেশিনের ব্যবহার পদ্ধতি বুঝিয়ে দেন। ফুুডিজ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। পাশাপাশি স্কুলে এই পরিষেবা চালু হওয়ায় ছাত্রীরাও খুশি।







