শুক্রবার পূর্ব বর্ধমানের রায়না ও জামালপুরে বজ্রাঘাতে মৃত্যু হল দু’জনের। জেলাজুড়ে বিভিন্ন জায়গায় বাজপড়ে এদিন জখম হয়েছেন ১১ জন। আহতদের কয়েকজন ভর্তি আছেন বর্ধমান হাসপাতালে।
জানা গেছে, জামালপুরের পাঁচড়া গ্রামের প্রভাত মালিক (৪৫) এদিন দুপুরে চাষের জমিতে কাজ করছিলেন। সেই সময় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি নামে। হঠাৎই বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন প্রভাতবাবু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে রায়না থানার আদমপুরে জমিতে ওষুধ দেওয়ার সময় বজ্রাঘাতে আহত হন হারাধন ঘোষ (৪২) নামে এক ব্যক্তি। এদিন দুপরে ধান জমিতে ওষুধ ছড়াচ্ছিলেন হারাধনবাবু। হঠাৎ করেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি নামলে বজাঘাতে আহত হন হারাধনবাবু। তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিন খণ্ডঘোষের কেশবপুর গ্রামে একটি বাড়ির টিনের চালে বাজ পড়লে ওই বাড়ির দু’জন আহত হন তাঁদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। বাজ পড়ে আহত হয়েছেন শাঁখারি গ্রামের দু’জন। এছাড়াও খণ্ডঘোষের আরও তিনজন বাজপড়ে আহত হন। বর্ধমান থানার বেলকাশগ্রামে এদিন মাঠে কাজ করার সময় বাজ পড়ে আহত হন ৪ জন।






