তিন দুষ্কৃতীর হাতে নির্যাতনের শিকার হল অন্ডাল থানার চনচনি কোলিয়ারির ভূঁইয়া পাড়ার এক পঁয়ত্রিশ বছরের গৃহবধূ। গৃহবধূর স্বামী চাকরি সূত্রে গুজরাতে থাকেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ এক বিয়ে বাড়ি থেকে ফিরলে বাড়িতে একা থাকার সুযোগে পড়শী তিন যুবক রাতের অন্ধকারে মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই মহিলা বাধা দিতে গেলে মহিলাকে ব্লেড চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় চিরে দেওয়া হয়। মহিলার আর্তনাদে পড়শীরা ছুটে এলে দুষ্কৃতী তিন যুবক চম্পট দেয়।মহিলার অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা অন্ডাল থানার পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পড়শীরা দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন। ধৃত তিন দুষ্কৃতীর নাম হল সানি ভূঁইয়া (১৮), রাজকুমার ভূঁইয়া (১৮) ও সুরজিৎ ভূঁইয়া (২৭)। নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

Like Us On Facebook