কয়েকশো কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করলেন জেলা পরিষদের দুই সদস্য সহ দুই সাংগঠনিক নেতা। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গীয়।

বিজেপি সূত্রে খবর, মোদীর ভাবধারায় অনুপ্রাণীত হয়ে ওই নেতারা বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। পরে দলের রাজ্যস্তরে আলোচনার পরেই তাঁদের দলে নেওয়া হয়। সেই মত পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য গোলাম জার্জিস, রুবী ধীবর, আউশগ্রাম-২ তৃণমূল তফশিলি জাতি উপজাতি সেলের কার্যকরী সভাপতি অশোক মালাকার ও বড়শূল জুট মিলের তৃণমূল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবনাথ সিং তাঁদের কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে শনিবার বিজেপিতে যোগ দেন। কলকাতায় এদিন তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গীয়। উপস্থিত ছিলেন, মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা প্রমুখ। যদিও এই নেতাদের বিজেপিতে যোগদানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না জেলা তৃণমূল নেতৃত্ব।

Like Us On Facebook