এবার নির্বাচনী বিধি ভঙ্গ হতে দেখলেই অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। মডেল কোড অব কনডাক্ট ভঙ্গ হলে সেই সংক্রান্ত ছবি ও দু’মিনিটের ভিডিও পাঠিয়ে অভিযোগ জানানো যাবে এই বিশেষ অ্যাপের মাধ্যমে। অভিযোগ পাওয়ার একশো মিনিটের মধ্যেই নেওয়া হবে ব্যবস্থা।
‘cVIGIL’ নামে এই অ্যাপ চালু এখন শুধু সময়ের অপেক্ষা। এই অ্যাপ নির্বাচনী বিধি ভঙ্গ রুখতে বিশেষ ভূমিকা নেবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই এই অ্যাপ চালু হয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ পাওয়ার পর সর্বাধিক ১০০ মিনিটের মধ্যে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে চাইলে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা যাবে।
নির্বাচনী বিধি ভঙ্গ নতুন কোনও বিষয় নয়। প্রতি নির্বাচনেই প্রার্থী বা রাজনৈতিক দলের কর্মী নেতাদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ ওঠে। টাকা সহ নানান উৎকোচ দিয়ে ভোট কেনার প্রচেষ্টার অভিযোগ ওঠে। আবার অনেক সময় নির্বাচনী প্রচারে বাড়তি গাড়ি, মাইক ব্যবহারের অভিযোগ ওঠে। অনেকে বিধিভঙ্গ হতে দেখেও নিরাপত্তার অভাবে প্রতিবাদ জানাতে ভয় পান। আবার অনেক ক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে কমিশনের কাছে অভিযোগ পৌঁছতে অনেক সময় পার হয়ে যায়। এই অ্যাপের সাহায্যে নাগরিকরা সহজে এবং দ্রুত বিধিভঙ্গের বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে আনতে পারবেন। ব্যবস্থাও নেওয়া যাবে দ্রুত। তাতে বিধি ভঙ্গের প্রবণতাও কমবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।







