পরিবহণ আইনের তোয়াক্কা না করে ঝুঁকি নিয়েই বাস চলাচল করছে পূর্ব বর্ধমান জেলায়। রাস্তায় নেমে সেই নিয়ম ভাঙা দেখলেন পরিবহণ দফতরের আধিকারিকরা। শুক্রবার পুলিশ ও পরিবহণ দফতরের আধিকারিকরা বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় যাত্রী পরিবহণে বাসগুলির হাল হকিকৎ খতিয়ে দেখলেন।

এদিনের অভিযানে যে সব অনিয়ম ধরা পড়ল তা দেখে পরিবহণ দফতরের আধিকারিকদের চক্ষু চড়কগাছ। দেখা যায় বেশির ভাগ বাসেই নেই স্পিড লিমিট ডিভাইস। গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন। যাত্রী পরিবহণের ক্ষেত্রে এই যন্ত্র থাকা বাধ্যতামূলক। রিসোলিং টায়ারেই চলছে যাত্রীবাহী বাস। বৈধ কাগজ ছাড়াই চলছে বাস। অনেক ক্ষেত্রে লাইসেন্সও নেই চালকের। আগেই নিষিদ্ধ হলেও এখনও চলছে বাসের ছাদে ঝুঁকির যাত্রী পরিবহণ।

এদিন আঞ্চলিক পরিবহণ আধিকারিকের নেতৃত্বে বর্ধমানে অভিযান চলে। নিয়ম ভাঙার অভিযোগে কুড়িটি বাসকে কালো তালিকাভুক্ত করা হয়। বাস দাঁড় করিয়ে সিঁড়ি কেটে দেওয়া হয়। যাত্রীদের বক্তব্য, বাসগুলিকে নিয়ম মানা বাধ্য করতে ধারাবাহিক প্রশাসনিক অভিযান প্রয়োজন। কর্মী আধিকারিকদের ঘাটতির কারনে নিয়মিত অভিযানে খামতি থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন আঞ্চলিক পরিবহণ আধিকারিক।




Like Us On Facebook