হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পর পূর্ব বর্ধমান জেলা প্রশাসন মঙ্গলবার থেকে বিভিন্ন স্কুল বাস ও পুলকারের ফিটনেস চেকিং শুরু করল। এদিন ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র ও জেলা পরিবহণ দফতরের আধিকারিকদের নেতৃত্বে এই অভিযান চলে। জানা গেছে, এই অভিযান এবার থেকে লাগাতার চালাবে জেলা প্রশাসন।
বর্ধমানের ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শৌভিক পাত্র জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি পুলকার ব্যবহারকারী স্কুলগুলিকে নিয়ে তাঁরা একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে পুলকার নিয়ে সমস্ত নির্দেশিকা এবং পালনীয় কর্তব্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই বৈঠকের সূত্র ধরেই মঙ্গলবার থেকে তাঁরা লাগাতার অভিযান শুরু করলেন। প্রথম দিনের অভিযানে ১টি পুলকারকে প্রশাসনিক কর্তারা জরিমানাও করেছেন। পুলকারের ফিটনেস, গাড়ির কাগজপত্র প্রভৃতি ঠিক না থাকার কারণেই জরিমানা করা হয়েছে। মঙ্গলবার তাঁরা স্কুল থেকে এই অভিযান শুরু করেছেন। খতিয়ে দেখা হচ্ছে পুলকারের ফিটনেস, চালকের লাইসেন্স প্রভৃতিও। তাঁরা চাইছেন পুলকার নিয়ে গোটা জেলা জুড়ে একটি ডাটাবেস তৈরি করতে। যাতে এক লহমায় সব তথ্য তাঁরা হাতের কাছেই পেয়ে যান। সেক্ষেত্রে পুলকারের চালকের নাম ও লাইসেন্স প্রভৃতি তথ্যও সেই ডেটাবেসে থাকবে। ইতিমধ্যেই পুলকার ব্যবহারকারী সমস্ত স্কুলকে প্রয়োজনীয় কাগজপত্র এবং গাড়ির ফিটনেস সম্পর্কে সতর্ক করেছেন। তাঁরা স্কুলের পাশাপাশি রাস্তাতেও এই অভিযান চালাবেন। সেক্ষেত্রে গাইডলাইন অনুযায়ী সব কিছু ঠিক না থাকলে সংশ্লিষ্ট বাস বা পুলকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






