বর্ধমান শহরের খর্গেশ্বরপল্লীর একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক মহিলার পচা-গলা মৃতদেহ। মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম শোভা নস্কর। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই খুন বলে অনুমান স্থানীয় মানুষজনের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে খর্গেশ্বরপল্লীর এলাকায় একটি ঘর ভাড়া নেয় ক্ষিতীশ ওরফে কালা মির্ধা নামে স্থানীয় এক ব্যক্তি। সেই ঘরে ক্ষিতীশের সঙ্গে প্রায়ই আসত শোভা নস্কর নামের ওই মহিলা। তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল বলে জানান স্থানীয়রা। সোমবার সকালে ওই ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানী মানুষ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। বিছানার উপর শোভা নস্করের পচা-গলা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন। বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ক্ষিতীশ পলাতক।







