১১ হাজার ভোল্ট বিদ্যুতের লাইন বন্ধ না করেই পোলে উঠে কাজ করতে গিয়ে আগুনে ঝলসে গেলেন ঠিকাদারের এক কর্মী। রবিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার নেড়োদিঘি এলাকায়। স্থানীয় মানুষজন একটি ট্রাকে উঠে ওই কর্মীকে নীচে নামিয়ে আনেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উড্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝলসে যাওয়া কর্মীর অবস্থা সঙ্কটজনক। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
রবিবার বর্ধমান শহরের কাটোয়া রোডের নেড়োদিঘি মোড়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের পোলে উঠে কাজ করছিলেন এক ঠিকাদারের এক কর্মী, কাজ চলাকালীন হঠাৎই আওয়াজ করে আগুন ধরে যায় ওই বিদ্যুৎ কর্মীর শরীরে। তৎপরতার সঙ্গে ওই কর্মী নিজেই শরীরের জামা, প্যান্ট ছিঁড়ে ফেলেন। প্রায় উলঙ্গ হয়ে যান তিনি। কিন্তু নীচে নেমে আসার মত অবস্থায় তিনি ছিলেন না। তাঁর শরীরে বেশ কিছু অংশ আগুনে ঝলসে যায়। আর এরপরই গাফিলতির অভিযোগে স্থানীয়রা ঠিকাদারের সুপারভাইজারকে বেধড়ক মারধর করেন। তাঁরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, ঠিকঠাক ভাবে বিদ্যুতের লাইন বন্ধ না করেই ঠিকাদারের সুপার ভাইজারদের উপস্থিতিতেই রবিবার পোলে উঠে কাজ করছিলেন কর্মীরা। ঠিকাদারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।






