চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বর্ধমানে বৈঠক করতে এসে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে গিয়েছিলেন রেশন দোকান থেকে মিলবে প্রায় ৫০০ ধরণের বিভিন্ন ভোগ্যপণ্য। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি অনুসারে বাজার থেকে ২৬-৩৫ শতাংশ কমদামে মিলবে এই সমস্ত ভোগ্যপণ্য। শনিবার বর্ধমানে একটি ব্যক্তিগত নিমন্ত্রণ রক্ষা করতে আসেন খাদ্যমন্ত্রী। পরে তিনি পরিদর্শন করেন জেলা খাদ্যভবনও।
তিনি জানিয়েছেন, আগামী জুলাই মাসে উত্তর ২৪ পরগণার ১৮০০ রেশন দোকান থেকে এই প্রকল্পের সূচনা হতে চলেছে। এরপর তা গোটা রাজ্যের ২২ হাজার রেশন দোকানেই চালু হবে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের মূল লক্ষ্য ২টি। প্রথমত, এই দ্রব্য বিক্রির জন্য প্রতিটি রেশন দোকানকেই সারা সপ্তাহ ধরেই দোকান খুলে রাখতে হবে। এবং দ্বিতীয়ত, এর ফলে এই সমস্ত মাল কেনার পাশাপাশি গ্রাহকরা সারা সপ্তাহেই রেশন দোকানের রেশনের মাল তুলতে পারবেন। তিনি জানিয়েছেন, রেশন দোকানে কোন প্রসাধনী দ্রব্য থাকছে না। এই সমস্ত বিক্রিত দ্রব্যের প্যাকেটে খাদ্য সরবরাহ দপ্তরের নাম ও সিলমোহর দেওয়া থাকবে। যাতে কোন অবস্থাতেই খুচরো বাজারের দোকানে এই জিনিস বিক্রী করা না যায়।
চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে গোটা রাজ্যের সমস্ত রেশন দোকানেই এই সব সামগ্রী পাওয়া যাবে। খাদ্যমন্ত্রী জানান, এই চুক্তির জন্য সরকার কোন কমিশন নেবে না। ২৬ থেকে ৩৫ শতাংশ কমিশন দেবে কোম্পানী। রেশন দোকান সব সামগ্রী সাজিয়ে দেবে তারা। এই কমিশনের মধ্যে ডিলার-ডিস্টিবিউটারকে ১৩ শতাংশ দিয়ে বাকি ১৩ থেকে ২২ শতাংশ কমিশন গ্রাহককে দ্রব্যমূল্যের ছাড় হিসাবে দেওয়া হবে। তিনি জানান, সারা সপ্তাহ ধরে রেশন দোকানগুলি খোলা থাকলে এবং এই সমস্ত দ্রব্য বিক্রি করতে পারলে একজন ডিলার সারাদিনে আড়াই থেকে চারশো টাকা পর্যন্ত লাভ করতে পারবে। শহরাঞ্চলে এটা আরও বাড়বে।
অন্যদিকে, এদিনও খাদ্যমন্ত্রী জানিয়ে যান, গোটা রাজ্যে পাঁচটি আঞ্চলিক খাদ্য পরীক্ষাগার তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে। তিনি জানান সমস্ত ধরণের খাদ্যের গুণাগুণ পরীক্ষা করা হবে আঞ্চলিক পরীক্ষাগারে। শিলিগুড়ি, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ২২ কোটি টাকা ব্যয়ে মোট পাঁচটি আঞ্চলিক খাদ্য পরীক্ষাগার তৈরি হচ্ছে। পুজোর পরই এই পাঁচটি আঞ্চলিক পরীক্ষাগার চালু হয়ে যাবে। এছাড়া কলকাতায় ১৩০ কোটি টাকা ব্যয়ে এশিয়ার মধ্যে বৃহত্তম তথা প্রধান বা মুখ্য খাদ্য পরীক্ষাগার তৈরি হয়েছে। তা ডিসেম্বরেই চালু হবে বলে জানিয়েছেন।






