রবিবার রাজ্য জুড়ে একুশে জুলাইয়ের সভার জোর তোড়জোর চলছিল। দূরদূরান্ত থেকে কলকাতায় আসছিলেন লাখ লাখ মানুষ। সেই দলেই ছিলেন বর্ধমানের নীলপুর আমতলার বাসিন্দা ৭ মাসের অন্তঃসত্ত্বা রেখা সরকার। সমাবেশে যাওয়ার পথে বাসের মধ্যেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। মেয়ের নাম রাখলেন ‘একুশি’।
পূর্ব বর্ধমানের নীলপুরের বাসিন্দা অজিত সরকারের স্ত্রী রেখা সরকার তৃণমূলের একনিষ্ঠ সমর্থক। প্রতিবছরই এই দিনে কলকাতা আসেন তিনি। দলনেত্রীকে দেখার আগ্রহ তাঁর এতটাই যে তাঁকে থামাতে পারে না কোনও পরিস্থিতিই। যার অন্যথা হয়নি এবারেও। শারীরিক অবস্থার তোয়াক্কা করেননি। বর্ধমান থেকে বাসে চেপে কলকাতায় তৃণমূলের সভার উদ্দেশে রওনা দিয়েছিলেন রেখা। ডানলপ মোড় পার হওয়ার পর শুরু হয় প্রসব যন্ত্রণা। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি।
এরপর সঙ্গে সঙ্গে বাস থামিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। রেখা এবং তাঁর স্বামীর কথায় একুশের সকালেই পৃথিবীর আলো দেখেছে সদ্যজাত তাই সেইমতোই তার নাম রাখা হয়েছে ‘একুশি’। রেখার স্বামী অজিত সরকার জানান, ‘প্রতি বছরের মতো এ বছরও রেখা জোর করেই রওনা দেয় সভার উদ্দেশে। ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যাওয়ার আগ্রহেই শরীরের অবস্থাকে গ্রাহ্য করেনি রেখা।’






