মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগে বুধবার সৃজনী পেক্ষাগৃহ, ভগৎ সিং স্টেডিয়াম, সেচ দফতরের বাংলো পরিদর্শন করলেন বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন তার পর দুর্গাপুরের সাধু ডাঙায় সেচ দফতরের বাংলোতে রাত্রিযাপন করবেন। তার আগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সহ প্রশাসনিক বৈঠকের সমস্ত ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার দুর্গাপুরে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন অরূপবাবু দুর্গাপুরের মেয়র সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে অম্বুজা আবাসনের একটি গেস্ট হাউসে বৈঠক করেন।
তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভগৎ সিং স্টেডিয়াম থেকে সৃজনী পেক্ষাগৃহে যাত্রাপথ ও সাধুডাঙায় সেচ দফতরের বাংলো যাওয়ার যাত্রাপথ এবং জামুড়িয়ার জনসভায় প্রচুর দলীয় কর্মী সমাগমের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দলীয় কর্মীদের নিয়ে বৈঠক শেষে অরূপ বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের এদিনের বৈঠককে দলীয় কর্মীদের সঙ্গে বিজয়া সম্মেলন বলে দাবি করেন। অরূপবাবু উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন লোকসভা নির্বাচনে বাংলার উন্নয়ন ও মুখ্যমন্ত্রীর ছবি দেখেই বাংলার মানুষ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। অরূপবাবু বলেন, বিজেপি ঝাড়খণ্ড থেকে বহিরাগত দুষ্কৃতী এনে দুর্গাপুর পুরসভার নির্বাচনে ঝামেলা পাকালেও আমরা ৪৩টি আসনেই জয়লাভ করি। দুর্গাপুরের মানুষ আমাদের দুই হাতে আশীর্বাদ করেছেন। অরূপবাবুর দাবি, যখনই লোকসভা নির্বাচন হোক তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।
এদিকে মুখ্যমন্ত্রীর শিল্পাঞ্চলের জনসভায় দলীয় কর্মীরা পৌঁছানোর জন্য দুর্গাপুরে বিভিন্ন রুটের বাস তুলে নেওয়ায় বুধবার থেকেই যাত্রীরা গন্তব্যে পৌঁছতে চরম দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবারে এই সমস্যা আরও প্রকট হবে বলে আশঙ্কা শিল্পাঞ্চলের মানুষজনের। এই সুযোগে টোটো-অটো চালকরা চড়া ভাড়ায় যাত্রীদের গন্তব্যে নিয়ে যাচ্ছে।



