বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির বার্ষিক সাধারণ সভায় হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো বর্ধমান থানার মিঠাপুকুর সোনাপট্টি এলাকায়। সংগঠনের দুটি গোষ্ঠীর অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে ব্যাপক ভাঙচুর চালানো হয় সভাস্থলে। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর লোকেদের দোকান এবং বাইক ভাঙচুর করে ভলে আভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। জেলা থেকে সহস্রাধিক স্বর্ণশিল্পী এই সভায় যোগ দিয়েছিলেন। অভিযোগ, সভা চলাকলীন হঠাৎই হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংগঠনের সম্পাদক স্বরূপ কোনার ও সদস্য জগন্নাথ দের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সভাস্থল সহ আশপাশের দোকান ও বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর একটি গোষ্ঠী মিঠাপুকুর এলাকায় রাস্তা অবরোধ করে এবং থানার সামনে অপর গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। সোনাপট্টি এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ উভয়পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook