সরকারি নির্দেশ অনুসারে ১৫ জুন থেকে বর্ষাকালীন মরশুমে বালি তোলা নিষিদ্ধ হয়েছে। দামোদর বা অজয় নদ থেকে যে বালি তোলার কাজ চলে এবং সরকারি অনুমতিপ্রাপ্ত যে সব বালি খাদান রয়েছে সেগুলি সম্পর্কে আরও স্পষ্ট বার্তা দিতে বালিখাদ মালিক সহ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের পৌরহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হল জেলাশাসকের সভাকক্ষে। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সহ অন্যান্য আধিকারিকরা। ইতিমধ্যেই জেলাজুড়ে পুলিশের অভিযান চলছে বালি পাচার রুখতে। তবুও অনেক সময় প্রশাসনের নজর এড়িয়ে রাজস্ব ফাঁকি দিয়ে নির্দেশ অমান্য করেই চলছে বালি পাচার। সতর্ক করা হয়েছে বালি খাদ মালিকদেরও। সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। বেআইনি বালি খাদান বন্ধেও কড়া ভূমিকা নিচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।







