একাধিক দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার সকাল থেকে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাককে ঘেরাও করে রাখল ছাত্রছাত্রীরা। এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজের এমবিবিএসের আণ্ডারগ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা এদিন জানিয়েছেন, কলেজের পড়াশোনা সহ পরিকাঠামোগত একাধিক বিষয় সম্পর্কে তাঁরা বারবার কলেজের অধ্যক্ষকে জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত দু-একটি বিষয়ে সুরাহা হলেও বাকি দাবিগুলি উপেক্ষিতই রয়ে গেছে। তাই বাধ্য হয়েই এদিন তাঁরা অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন।

আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, কলেজের ছাত্রীদের জন্য পরিস্কার পরিচ্ছন্ন বাথরুম সহ স্যানিটারী ন্যাপকিন ভেণ্ডিং মেশিন চালু করা, সেন্ট্রাল লাইব্রেরীকে যথাসময়ে খুলে রাখার দাবি জানানো হয়েছে। খাতায় কলমে সেন্ট্রাল লাইব্রেরীকে যে সময়ে খুলে রাখা হয়েছে বলে দেখানো হয় বাস্তবে তা কখনই হয় না বলে অভিযোগ করেছেন এদিন ছাত্রছাত্রীরা। এরই পাশাপাশি লেকচার থিয়েটারের সংখ্যা বাড়ানো, ব্ল্যাক বোর্ড, এলসিডি স্ক্রীনের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। এরই পাশাপাশি হোস্টেলগুলিতে বহিরাগতদের অবাধে ঢুকে পড়া বন্ধ করা, কলেজের ছেলেদের ৩টি ও মেয়েদের ২টি হোস্টেল সংলগ্ন এলাকাগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন করারও দাবি জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে খেলার মাঠ বিশেষত বাস্কেটবলের মাঠ তৈরি করে দেবারও। এছাড়াও কলেজ ক্যান্টিনকে উন্নত করারও দাবি জানানো হয়েছে। যদিও এদিন সকাল থেকে রাত পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে ঘেরাও হয়ে থাকার বিষয়ে মুখ খোলেন নি কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক।

Like Us On Facebook