পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে নামল পূর্ব বর্ধমান জেলাপরিষদ। শনিবার ‘উন্নয়ন যাত্রা’র সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও। মোট ৫টি ট্যাবলোকে সুসজ্জিত করে লোকশিল্পীদের নিয়ে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়।

স্বপনবাবু জানিয়েছেন, শনিবার থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লকের ১০০টি গ্রাম ঘুরবে এই ট্যাবলো। সঙ্গে থাকবেন সভাধিপতি। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পগুলি তুলে ধরা হবে এই উন্নয়ন যাত্রায়। সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে মমতা বন্দোপাধ্যায় তাঁকে সভাধিপতির আসনে বসানোর পর তিনি গত ৩ বছরে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে গ্রামে গ্রামে জনতার দরবার করেছেন। নিশি যাপন করেছেন। তাঁর লক্ষ্যই ছিল গ্রামের মানুষের মুখে ভাষা সৃষ্টি করা। এতদিন বাম আমলের অত্যাচার আর লাল চোখের ভয়ে যাঁরা সাহস করে সুবিধা অসুবিধার কথা বলতে পারেননি। আদিবাসীরা বঞ্চিতই থেকে গেছিলেন। এই কয়েকবছরের এই অভিযানে তাঁরা নিজেদের সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরতে পারছেন।



Like Us On Facebook